রাজবাড়ীতে স্ত্রী ও ছেলেকে গলাটিপে হত্যার অভিযোগ
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গতকাল মঙ্গলবার রেজাউল করিম নামের এক কাঠমিস্ত্রি তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে গলাটিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রেজাউলের মা বাড়িতে তাঁকে না পেয়ে ঘরের ভেতর ঢোকেন। সেখানে দেখতে পান, রেজাউলের সাড়ে তিন বছরের ছেলে লালচাঁদ ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। ছেলের বউ ওজিফা (২২) ঘরের আড়ার রশির সঙ্গে ঝুলছেন। তাঁর চি ৎ কারে প্রতিবেশীরা এসে ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রেজাউল পলাতক রয়েছেন। নিহত ওজিফার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রেজাউল তাঁর স্ত্রী ও ছেলেকে গলাটিপে হত্যার পর স্ত্রীকে ঘরের আড়ার সঙ্গে বেঁধে পালিয়ে যান। রাজবাড়ীর পুলিশ সুপার মো. রেজাউল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।