রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর মাটিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী শহর থেকে বানিবহ যাওয়ার সময় বিকেল চারটার দিকে মাটিপাড়া বাজারের কাছে কালিবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমন চেয়ারম্যানের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান ও তাঁর পায়ের ওপর দিয়ে নছিমন উঠে যায়। মারাত্মক আহত অবস্থায় তাঁকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় রাত ১০টায় মানিকগঞ্জে তাঁর মৃত্যু হয়। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও বানিবহ বাজার সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।