রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুব্রত মণ্ডল (৩৫), তাঁর বোন শোভ্রতা মণ্ডল (৩৩), শোভ্রতার ছেলে লিজান মণ্ডল (৬) ও ট্রাকচালক রিপন শেখ (৩০)। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন। প্রথম তিনজনের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে। ট্রাকচালক রিপনের বাড়ি চুয়াডাঙ্গায়।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে একটি প্রাইভেটকার যাচ্ছিল। পথে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ছাড়া একটি রিকশা দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় একই পরিবারের তিনজন ও ট্রাকচালক মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি বলেন, আহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।