রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের কালারদুয়াল এলাকায় ট্রাকের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ছয়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের নাম আবদুস সামাদ মোল্লা (৪৮) ও আবদুল রহিম সরদার (৫২)। তাঁদের মধ্যে আবদুস সামাদ মোল্লা ভ্যানচালক। তাঁর বাড়ি বাগমারা গ্রামে। আবদুল রহিমের বাড়ি মর্জ্জৎকোল গ্রামে।

স্থানীয় বাসিন্দা সোহাদ শিকদার ও কার্তিক চন্দ্র দাসের ভাষ্য, বাগমারা মোড় থেকে ভ্যানটি রাজবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। কালারদুয়াল এলাকায় বরিশাল থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায়। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে লাশ উদ্ধার করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের ভাষ্য, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।