রাজবাড়ীতে সড়কের পাশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকায় সড়কের পাশ থেকে দুই সপ্তাহ ধরে ড্রেজার দিয়ে বালু তুলছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। এ কারণে যেকোনো সময় ওই সড়ক ধসে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।গত বৃহস্পতিবার সকালে সরেজমিন আলীপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া সড়কের আলীপুর বাজারের কাছে গিয়ে দেখা গেছে, স্থানীয় জয়নাল শেখ ও তাঁর ছেলে আবদুর রাজ্জাক শেখ শ্রমিক দিয়ে এলজিইডির সড়কের ৫০ গজ দূরে একটি পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলছেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁরা এভাবে বালু তুলে আসছেন। মাটি কেটে পাইপের সাহায্যে ওই বালু প্রায় ৫০০ গজ দূরে একটি খাদে ফেলা হচ্ছে। এলাকার সালাম ও ইসমাইল শেখ জানান, জয়নাল শেখ ও তাঁর ছেলে রাজ্জাক শেখ ১৫-২০ দিন ধরে এখান থেকে বালু কেটে নিয়ে যাচ্ছেন। এলাকার প্রভাবশালী হওয়ায় তাঁদের কেউ কিছু বলছে না।জয়নাল শেখ জানান, ‘টাকার খুব দরকার, তাই আমার পুকুর থেকে বালু তুলে বিক্রি করেছি।’ ড্রেজার দিয়ে এভাবে বালু কাটলে যেকোনো সময় সড়কটি ভেঙে পড়তে পারে—এমন আশঙ্কার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘রাস্তা ভাঙবে না। রাস্তা ভাঙার এবং বর্ষার আগেই আমি পাইলিং করে দিব, যাতে রাস্তা না ভাঙে।’ এলজিইডির রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আবদুল কুদ্দুস মণ্ডল বলেন, ‘সড়কের পাশের মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। সড়কের পাশ থেকে যদি ড্রেজার দিয়ে মাটি কাটা হয়, তাহলে সড়কটি মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে। শুধু তাই নয়, যেকোনো মুহূর্তে সড়ক ধসেও পড়তে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর উপজেলা প্রকৌশলীকে বলেছি।’