রাজবাড়ীতে হবে 'সর্ববৃহৎ' দেয়াল পত্রিকা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা ও সাংস্কৃতিক উৎসব হতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে এই বইমেলায় দেয়ালপত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের দাবি, দেশের মধ্যে সর্ববৃহৎ দেয়ালপত্রিকা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে তারা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যা সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিনাত আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের সন্তানদের মুক্তবুদ্ধিসম্পন্ন, সৎ, দক্ষ, অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে দেয়ালপত্রিকা অনুশীলনকে একটি নিয়মিত চর্চায় নিয়ে আসতে হবে। রাজবাড়ীর এই দেয়ালপত্রিকা প্রতিযোগিতা এ ক্ষেত্রে আশাব্যঞ্জক ভূমিকা রাখবে।’
দেয়ালপত্রিকা প্রতিযোগিতা ও উৎসবে চারটি বিভাগে ভাগ করা হয়েছে। ক বিভাগে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান, খ বিভাগে মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান, গ বিভাগে কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘ বিভাগে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান/দপ্তর/ক্লাব বা সংগঠন অংশ নিতে পারবে।
এ ছাড়া এবারের বইমেলায় ভাষাশহীদদের নিয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজন থাকবে।