রাজবাড়ীতে হামলা, ভাঙচুর
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় তিন নারী আহত হয়েছেন। এ সময় নয়টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত সোমবার রাতে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোন্দকার মশিউল আযমের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার খোন্দকার মশিউল আযমসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী বাচ্চু মণ্ডল জানান, সোমবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ডরমেটরির সামনে পশ্চিমপাড়ার জলিল মোল্লার ছেলে সজীব মোল্লা মোটরসাইকেল পাশ কাটিয়ে নেওয়ার সময় এর সঙ্গে একই এলাকার মাসুমের ধাক্কা লাগে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডার পরে সজীবের পক্ষ নিয়ে বাচ্চু মণ্ডল মাসুমকে মারধর করেন। এ ঘটনার পর রাত সাড়ে আটটার দিকে খোন্দকার মশিউল আযমের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চু মণ্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় বাচ্চু মণ্ডল ও তাঁর স্বজনদের নয়টি বসতঘর ভাঙচুর করা হয়। রাত ১০টার দিকে হামলাকারীরা ফের হামলা চালায়। এ সময় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী লিজাসহ (১৪) ডলি খাতুন (৩০) ও জুনিয়া আহত হন। এ ছাড়া একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খোন্দকার মশিউল আযম বলেন, ‘ঘটনার সময় আমি ব্যাডমিন্টন খেলছিলাম। তা ছাড়া আমার অবস্থানে থেকে এ ধরনের মারামারি করার কোনো সুযোগ নেই।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।