রাজবাড়ীতে হামলায় দুই বাসচালক আহত অটোরিকশা ভাঙচুর
রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় গতকাল রোববার সকালে জেলা বাস মালিক গ্রুপ সমর্থিত বহিরাগতদের হামলায় দুই বাসচালক আহত হয়েছেন। এ ঘটনার জেরে বাসের শ্রমিকেরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে সড়ক অবরোধ করলে বাস মালিক গ্রুপ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। তবে বিকেল সাড়ে চারটা থেকে পুনরায় ওই সব রুটে বাস চলাচল শুরু হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া থেকে আসা পদ্মা-গড়াই পরিবহনের একটি বাস রাজবাড়ী শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ডে পৌঁছালে বাস মালিক গ্রুপের কিছু বহিরাগত লোক এসে বাসচালক আফসার মোল্যা (৪৮) ও আবদুল খালেক শেখের (৪০) ওপর হামলা চালায়। এ সময় বাসের উত্তেজিত শ্রমিকেরা একটি অটোরিকশা ভাঙচুর করেন এবং রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-বালিয়াকান্দি সড়ক অবরোধ করে রাখেন। এ ঘটনার জেরে বাস মালিক গ্রুপ জেলার সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আ. কুদ্দুস খান অভিযোগ করে বলেন, ‘রোববার সকালে বাস মালিক গ্রুপের বহিরাগত কিছু লোক দুই বাসচালককে মারধর করে। এ সময় শ্রমিকেরা সড়ক অবরোধ করলে আমি তাদের শান্ত থাকার নির্দেশ দিয়ে আসার পর বাস মালিক গ্রুপ জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।’জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, গতকাল সকালে পদ্মা-গড়াই পরিবহনের একটি বাসে ধাক্কা লাগলে একটি অটোরিকশা সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে মালিক গ্রুপকে দোষারোপ করে বাসের শ্রমিকেরা বাস কাউন্টার ভাঙচুর এবং সড়ক অবরোধ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. নুরুল ইসলাম ও রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আ. কুদ্দুস খানকে ডেকে নির্দেশ দেওয়ার পর বিকেল সাড়ে চারটা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়।