চলন্ত বাসে ব্যবসায়ীকে অচেতন করে টাকা লুট
রাজবাড়ীতে 'অজ্ঞান পার্টি'র দুজনকে পিটুনি দিয়ে পুলিশে
রাজবাড়ীতে গতকাল রোববার সন্দেহভাজন দুই ‘অজ্ঞান পার্টি’র সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাঁরা চলন্ত বাসে কুষ্টিয়ার এক কাপড় ব্যবসায়ীকে অচেতন করে টাকাপয়সা লুট করে পালাচ্ছিলেন।
আটক দুজন হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের রশিদ মোল্যার ছেলে জাহাঙ্গীর মোল্যা (৩৫) ও ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট এলাকার শাহ আলমের ছেলে কামাল হোসেন (৪০)।
বরিশাল থেকে সিরাজগঞ্জগামী ওই বাসের কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাপড় ব্যবসায়ী রাহুল বেপারী (৩০) আরিফ হোসেন নামের আরেক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে মাদারীপুরের টেকেরহাটে গিয়েছিলেন। সেখানকার বিভিন্ন দোকান থেকে পাওনা টাকা আদায় করে গতকাল তাঁরা বাসযোগে বাড়ি ফিরছিলেন।
টাকাপয়সা ছিল রাহুলের কাছে। কৌশলে তাঁকে অচেতন করে টাকাপয়সা লুট করে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর বাজারে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন জাহাঙ্গীর ও কামাল। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে বাসযাত্রী ও স্থানীয় লোকজন তাঁদের আটক করে পিটুনি দেয়। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটক করে নিয়ে যায়।
ব্যবসায়ী রাহুলের সহকর্মী আরিফ হোসেন বলেন, আটক দুজন মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন। পথে তাঁরা বারবার তাঁদের সিটে এসে বসার চেষ্টা করেন। একপর্যায়ে অনেকটা জোর করেই একজন বসে পড়ার কিছুক্ষণের মধ্যে ব্যবসায়ী রাহুল অচেতন হয়ে পড়েন। এরপর বাসটি আলীপুর বাজারে থামামাত্র তাঁরা রাহুলের কাছে থাকা প্রায় এক লাখ টাকা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। আরও টাকা খোয়া গেছে কি না, রাহুলের জ্ঞান না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, অচেতন অবস্থায় ব্যবসায়ী রাহুলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির সন্দেহভাজন ওই দুই সদস্যকে থানায় রাখা হয়েছে।