রাজবাড়ীর কামারদের এখন দুর্দিন
রাজবাড়ীর কামারদের এখন দুর্দিন চলছে। নানা প্রতিকূলতার কারণে কামারদের আগের মতো আয় নেই। পেশা পাল্টাতে শুরু করেছেন অনেকে। অপর দিকে ক্রেতারা দা-কাঁচিসহ বিভিন্ন সরঞ্জামের দাম বেশি নেওয়ার অভিযোগ করছেন। সুবল কুমার কর্মকার (৮১) বলেন, ‘৬৩ বছর ধরে এই পেশায় আছি। কিন্তু চার-পাঁচ বছর ধরে ঠিকমতো কাজ না থাকায় সংসার চালাতে পারছি না। এ কারণে দুই ছেলেকে সোনার কাজ শিখিয়েছি।’ গত শনিবার রাজবাড়ী শহরের কামারপট্টির মাসুদ কর্মকার জানান, বর্তমানে বিভিন্ন দোকানে রেডিমেড চাপাতি, ছুরি, চাকু, দা, বঁটি প্রভৃতি পাওয়া যায়। এসব জিনিসের মান খারাপ হলেও দাম কম হওয়ায় ক্রেতারা ওদিকেই বেশি ঝুঁকছেন। আবার কলের লাঙল (পাওয়ার টিলার) চালু হওয়ায় এখন আর আগের মতো কৃষি যন্ত্রপাতি (লাঙলের ফলা, কাঁচি, নিড়ানি) ব্যবহার হয় না। এ কারণে কামারদের আগের মতো কাজ নেই। আসমত আলী শেখ (৫৪) জানান, সাধারণ মানুষ ঈদ-পূজাপার্বণসহ বিভিন্ন উৎসবে এখন নিজেরা কাজ করছেন না। তাঁরা এসব কাজ পেশাদারদের হাতে ছেড়ে দিচ্ছেন। একজন কসাই এক অস্ত্র দিয়েই ঈদের দিন চার-পাঁচ বাড়িতে কাজ করেন। কিন্তু আগে ওই চার-পাঁচ বাড়ির জন্য আলাদা করে ছুরি-চাকুর দরকার হতো। তাই এখন কাজ কমে গেছে। অপর দিকে চাকু বানাতে আসা সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মোর্শেদুল ইসলাম জানান, এক ফুট লম্বা একটি চাকু বানাতে দুই বছর আগেও ১০০ টাকা লাগত। কিন্তু এখন লাগছে ২০০ টাকা। কৃষক আবজাল শেখ জানান, একটি কাঁচি (কাস্তে) ধার করাতে এখন ২০ টাকা নেয়। অথচ কয়েক বছর আগেও ছিল দুই টাকা। দাম বেশি নেওয়ার ব্যাপারে মাসুদ কর্মকার বলেন, ‘বিভিন্ন নিত্যপণ্যসহ লোহা, কয়লার দাম অনেকে বেড়েছে। আমরা আগের চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছি এটা সত্য। কিন্তু কাজ তুলনামূলক অনেক কমে গেছে। এ কারণে বেশি টাকা নিলেও আমাদের কোনো লাভ হচ্ছে না। কোনো কোনো দিন চাল কেনার টাকাও আয় হয় না।’