রাজবাড়ীর বধূ আইভীর বিজয়ে খুশির বন্যা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হওয়ায় সেলিনা হায়াৎ আইভীর শ্বশুরবাড়ি রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দায় এখন আনন্দের বন্যা বইছে। শুধু শ্বশুরালয় নয়, তাঁর বিজয়ে আশপাশের এলাকায়ও আনন্দ-উল্লাস চলছে। বিভিন্ন স্থানে চলছে মিষ্টি বিতরণ।সেলিনা হায়াৎ আইভীর চাচাতো দেবর রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের কম্পিউটারের শিক্ষক সদরুল আলম বলেন, ‘আইভী ভাবি নির্বাচনে বিজয়ী হওয়ায় আমার সঙ্গে কলেজের সহকর্মীরাও খুবই আনন্দিত। তাঁদের মিষ্টি খাওয়াতে হয়েছে।’সেলিনা হায়াৎ আইভীর শাশুড়ি কাজী হাবিবা সালেহ প্রথম আলোকে বলেন, ‘ছোট ছেলে কাজী আহসান হায়াতের বউ সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হওয়ায় আমরা সবাই খুশি। বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসছে বাড়িতে।’ তিনি আরও বলেন, ‘আইভীর সততা ও যোগ্যতাই তাঁকে বিজয়ী করেছে। আমরা তাঁর এ সততা ও সাহসের প্রশংসা করি। নারায়ণগঞ্জবাসী তাঁকে যে দায়িত্ব দিয়েছে, আশা করি, সে দায়িত্ব তিনি সঠিকভাবেই পালন করতে পারবেন।’আইভীর শাশুড়ি আরও জানান, ১৯৯৫ সালে ছোট ছেলে কাজী আহসান হায়াতের সঙ্গে আইভীর বিয়ে হয়। তাঁদের দুটি ছেলে রয়েছে। বড় ছেলে কাজী সাদমান হায়াৎ নিউজিল্যান্ডে বাবার কাছেই থাকেন। ছোট ছেলে কাজী সাবজিল হায়াৎ আইভীর কাছে থাকে।