রাজবাড়ীর শহর রক্ষা বাঁধের ঢালে ধস

রাজবাড়ীতে শহর রক্ষা বাঁধের ঢালের ৫০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে শহর রক্ষা বাঁধ নিয়ে আতঙ্কে স্থানীয় এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মা নদী থেকে শহর রক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হয়। বাঁধটি শহর রক্ষা বেড়িবাঁধ নামে পরিচিত। রাজবাড়ী শহর রক্ষা বাঁধ রক্ষা (ফেজ-১) প্রকল্পের আওতায় পদ্মার তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২৩টি প্যাকেজের বিপরীতে কাজের মোট মূল্য ধরা হয় ৮৩ কোটি ৭৬ লাখ টাকা।
রাজবাড়ী সদর উপজেলায় গোদার বাজার থেকে শুরু করে বোতলা স্লুইসগেট পর্যন্ত ২ দশমিক ২৪ কিলোমিটার এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ট্যাংরাপাড়া এলাকায় ৪০০ মিটার। সদর উপজেলা তীর সংরক্ষণের জন্য ব্যয় ধরা হয় ৪৭ কোটি টাকা ৭১ লাখ টাকা। ২০০৯ সালের পদ্মার তীরের ঢাল সংরক্ষণের কাজ শেষ হয়। নির্মাণকাজের মেয়াদ ধরা হয় দুই বছর। কিন্তু কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় দুই কিস্তিতে কাজ সম্পন্ন করার মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সম্প্রতি যে অংশে ব্লক ধসে গিয়েছে ওই অংশের কাজের দায়িত্ব পান মাদারীপুরের মেসার্স ফারজানা খান।
গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, পদ্মা নদীর শহরের গোদার বাজার ইটভাটার পূর্ব পাশে অনেকখানি অংশ ধসে গিয়েছে। স্থানীয় লোকজন জানান, ধসে যাওয়া অংশের পরিমাণ প্রায় ১০০ মিটার। ভাঙন ক্রমেই বড় আকার ধারণ করছে। ভাঙন দেখতে উৎসুক মানুষ জড়ো হয়েছে।
ধুঞ্চি গ্রামের বাসিন্দা কমল কুমার বিশ্বাস বলেন, গত সোমবার সকাল থেকে ভাঙন শুরু হয়। ভাঙন বাড়ছে। ভাঙন দৈর্ঘ্যে ও গভীরতাও বেড়ে গেছে। আরও বেশ কিছু বড় ফাটল দেখা দিয়েছে। সময়মতো উদ্যোগ না নিলে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।
বড়লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, পদ্মার পাড়ের গোদার বাজার এলাকাটি রাজবাড়ীবাসীর একমাত্র বিনোদনের জায়গা। এ ছাড়া ঘোরাঘুরি করার জন্য আর কোনো ভালো স্থান নেই। সবাই সুযোগ পেলে এই এলাকায় ছুটে আসে। এটি একটি পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। এই স্থানে ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় জমায়। অতি দ্রুত সময়ের মধ্যে ব্লক মেরামতের কাজ শুরু করে দেওয়া উচিত।
গোদার বাজার এলাকার বাসিন্দা আক্কাস আলী শেখ ও হেলাল খান বলেন, ব্লক দিয়ে নদীর তীর বাঁধাই কাজ ত্রুটিপূর্ণ ছিল। এতে ব্লক বসানোর কাজ চলাকালে সমস্যা দেখা দিয়ে ছিল। আর এবার পানি বাড়ার সময়ই এই সমস্যা হলো। তবে শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে পুরো রাজবাড়ীবাসী ক্ষতিগ্রস্ত হবে।
কাজে কোনো অনিয়ম হয়নি উল্লেখ করে পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, পানির হ্রাস-বৃদ্ধি ও ঘূর্ণাবর্তের ফলে ভাঙন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত অংশের পরিমাণ প্রায় ৫০ মিটার। তবে এটি খুব ঝুঁকিপূর্ণ নয়। ইতিমধ্যে এ বিষয়ে ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতকাজ শুরু করা হবে।
প্রকাশ কৃষ্ণ সরকার বলেন, এ ধরনের ব্লক দিয়ে নদীর তীর সংরক্ষণ করার ক্ষেত্রে প্রতিবছর কিছু কাজ করতে হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় সাধারণত তা করা হয় না। এতে এ ধরনের সমস্যা দেখা দেয়। কাজ করার সময় কোনো অনিয়ম হয়নি।