রাজবাড়ীর সেচপাম্প মালিকেরা বিদ্যুৎ বিলে ভর্তুকি পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সারা দেশে বিদ্যুৎচালিত সেচপাম্প মালিকদের বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ হারে ভর্তুকি দিলেও রাজবাড়ীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) আওতাধীন সাত শতাধিক সেচপাম্প মালিকেরা এই সুবিধা পাচ্ছেন না। ওজোপাডিকো থেকে স্থানীয় আবাসিক প্রকৌশলীদের কার্যালয়গুলোতে এ-সংক্রান্ত কোনো নির্দেশনা না আসায় কৃষকদের কাছ থেকে পূর্ণ বিল আদায় করা হচ্ছে। জানা গেছে, সরকার বিদ্যুৎচালিত সেচপাম্পের বিলের ওপর ২০ শতাংশ হারে রিবেট (ভর্তুকি) দিচ্ছে—এমন ঘোষণার কথা জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, ঢাকার মহাপরিচালক সাইদ আলী স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এসে পৌঁছে গত ২ ফেব্রুয়ারি। পরে কৃষকদের মধ্যে এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানোর জন্য নির্দেশনাপত্রটি ৩ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার কৃষি কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। কিন্তু ওজোপাডিকোর খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে রাজবাড়ী কার্যালয়কে ওই ভর্তুকির ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে রাজবাড়ী সদর উপজেলার ৪৬৯টি, গোয়ালন্দের ১৬০টি ও পাংশার ৮৫টি সেচপাম্পের মালিকেরা ভর্তুকি-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার কৃষক সুলতান উদ্দিন (৪৫) জানান, সরকার বিদ্যুৎ বিলের ওপর ২০% ভর্তুকি দিচ্ছে। এমন খবর স্থানীয় কৃষি অফিস জানালেও বিদ্যুৎ অফিস বিল কম নিচ্ছে না। এ কারণে তিনি বিল পরিশোধ করেননি । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক ফারুক আহমেদ বলেন, সরকারের ঘোষণা সত্ত্বেও সেচপাম্প মালিকেরা বিদ্যুৎ বিলের ওপর ভর্তুকি পাচ্ছে না বলে আমরা তাঁদের কাছ থেকে অভিযোগ পাচ্ছি। ওজোপাডিকোর রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল হক বলেন, সেচপাম্প মালিকদের বিদ্যুৎ বিলে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। পরে নির্দেশনা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওজোপাডিকোর খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ উদ্দিন বলেন, ‘ভর্তুকির ব্যাপারে আমরা প্রধান কার্যালয় থেকে কোনো নির্দেশনা পাইনি। পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’