প্রবল বর্ষণ ও অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে খানাখন্দ ও গর্তে ভরে গেছে। বিশেষ করে মহাসড়কের রাজবাড়ীর সাড়ে ১৮ কিলোমিটার অংশে অন্তত ১২টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর সাইনবোর্ড পর্যন্ত সাড়ে ১৮ কিলোমিটারে ছোট-বড় অসংখ্য গর্তে ভরা। সড়কের দৌলতদিয়া ফেরিঘাট থেকে ক্যানেল ঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সেখানে পানি ও কাদা জমে আছে। এ এলাকার কার্পেটিং উঠে গিয়ে খোয়া ও পাথরকুচি বের হয়ে গেছে। এ ছাড়া সড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড, পৌর জামতলা বাজার, হাসপাতালের সামনে, রেলগেট, জমিদার ব্রিজ, মকবুলের দোকান, খানখানাপুর সেতু, গোয়ালন্দ মোড় ও বসন্তপুর সাইনবোর্ডসহ ১২টি স্থানের কার্পেটিং উঠে গেছে। মহাসড়কের কয়েকটি স্থান ফেটে দেবে গেছে। খানখানাপুর সেতুর অবস্থা খুবই নাজুক। এ সেতুতে গাড়ি ওঠার সময় বিপরীত দিক থেকে গাড়ি আসা বন্ধ রাখতে হয়। সড়কের কয়েকটি ভাঙা স্থান ইটের খোয়া ফেলে মেরামত করা হয়েছে।দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রায় দিনই বিভিন্ন পণ্যবাহী গাড়ি গর্তে আটকে যায়। সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। ট্রাকচালক আকবর মোল্লা বলেন, ‘প্রতিদিন ভাঙা ও গর্তে গাড়ি পড়ে এক্সেল ভেঙে যায়। আবার একটির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। রাস্তায় গাড়ি উল্টে চলাচল বন্ধ হয়ে গেলে অহেতুক পুলিশ আমাদের লাঠিপেটা করে। কিন্তু রাস্তা ঠিক করণের কোনো খবর নাই, দোষ পড়ে ড্রাইভারদের।’সওজ রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টার থেকে বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করতে গত ২২ মে আট কোটি ৯২ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। সেপ্টেম্বরের মধ্যে কাজ শুরু হবে। একই কাউন্টার থেকে ৩ নম্বর ফেরিঘাট পর্যন্ত ১ দশমিক ২৫ কিলোমিটার একটি বাইপাস সড়ক নির্মাণের জন্য গত ১৬ মে আরেকটি দরপত্র আহ্বান করা হয়। এ জন্য বরাদ্দ হয়েছে চার কোটি দুই লাখ টাকা।সওজ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘দৌলতদিয়া থেকে বসন্তপুর পর্যন্ত সাড়ে ১৮ কিলোমিটার সড়কের নাজুক পরিস্থিতির বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছি। এ ছাড়া গর্ত ও ভাঙা স্থান জরুরিভাবে মেরামত করা হচ্ছে। প্রাথমিকভাবে ২৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে আমরা ৪ আগস্ট আবেদন করেছি। তবে বর্ষা মৌসুমে কাজ করতে সমস্যা হচ্ছে। ইট-সুরকি দিয়ে গর্ত ভরাট করার দু-তিন দিন পরই বৃষ্টিতে সব নষ্ট হয়ে যায়। কারণ, বৃষ্টি হচ্ছে বিটুমিনের বড় শত্রু।’