রাজবিলা ইউনিয়নসহ তিন জেলার সীমানায় এখনো ডাকাত-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নসহ তিন জেলার সীমানা এলাকায় (রাজবিলাসংলগ্ন রাঙ্গুনিয়ার পদুয়া ও রাঙামাটির রাজস্থলীর কিছু অংশে) দুই মাস ধরে ডাকাত-আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ বলেছে, কয়েকটি ডাকাতির ঘটনার পর অভিযান চালিয়ে অবৈধ বসবাসকারী ১৭ জন রোহিঙ্গাকে রাজবিলা ও রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করার পর ডাকাতির ঘটনা বন্ধ হয়েছে। তবে পাড়া-গ্রামগুলোতে সতর্কতা অবলম্বনের জন্য লোকজন রাতে এখনো পাহারা দিচ্ছে এবং পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
রাজবিলা ও পদুয়ার উদালবনিয়া বাজারের লোকজন জানিয়েছেন, গত ৬ মে প্রথম রাজবিলার থুইপ্রু মারমার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। পরে ডাকাতেরা কমলাছড়ি, রাজস্থলীর ৫ নম্বর এলাকা এবং সর্বশেষ গত ১১ জুন রাজবিলার তাইংখালী বাজারে লুটপাটের সঙ্গে নারীদের শ্লীলতাহানি ও সহিংসতার ঘটানায় মানুষের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের আঞ্চলিক বাংলা এবং মাঝেমধ্যে আরাকানি বর্মি ভাষায় কথা বলা এই ডাকাত দলের সদস্যরা অবৈধভাবে বসবাসকারী আরাকানি রোহিঙ্গা ও রাঙ্গুনিয়া এলাকার লোকজন হতে পারে বলে স্থানীয় লোকজন ধারণা করছে।
রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা জানিয়েছেন, গত দুই মাসে চারটি রোমহর্ষক ডাকাতির ঘটনার পর যেকোনো সময় আবারও অতর্কিতে ডাকাতের আক্রমণ হতে পারে আশঙ্কায় মানুষের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।
তাইংখালী বাজারে ডাকাতির শিকার ব্যবসায়ী চিংসা মং ও অংচিংনু মারমা বলেছেন, ডাকাতেরা লুটপাট চালানোর সময় তাঁদের প্রচণ্ড মারধর করেছে। তল্লাশির নামে নারীদের শ্লীলতাহানি করেছে। বাজার থেকে প্রায় আট লাখ টাকা, পাঁচ ভরি সোনা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তাঁদের দায়ের করা মামলায় একজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবিলা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক বলেছেন, গত সোমবার বিকেল পর্যন্ত তিনি রাজবিলা উপরপাড়ায় সভা করেছেন। সেখানে তাঁরা কমিউনিটি পুলিশকে লাঠি-বাঁশি দিয়েছেন এবং পাড়াবাসীক সজাগ থাকার জন্য পরামর্শ দিয়েছেন।
বান্দরবান সদর থানার পরিদর্শক আমির হোসেন বলেছেন, ডাকাত দলের বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অবিলম্বে বান্দরবান সদর থানা এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও পটিয়া থানার সঙ্গে যৌথ অভিযান চালানো হবে।