রাজমিস্ত্রির জোগালি এখন জটিল সব রোগ সারান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগেও তিনি ছিলেন রাজমিস্ত্রির জোগালি (সহযোগী)। কিন্তু এখন তিনি ক্যানসারসহ পাঁচটি জটিল রোগের চিকিৎসা করেন। এক বছর ধরে শওকত আলী নামের ওই ব্যক্তি পানি ও তেল পড়ার মাধ্যমে চিকিৎসা করছেন এসব রোগের। আর তাঁর প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন শত শত নারী-পুরুষ।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এই ব্যক্তির নাম শওকত (৪০)। ক্যানসার, পচন, হাঁপানি, জরায়ুর সমস্যা ও টিউমার রোগের চিকিৎসা করছেন তিনি। অনেক সময় চালাচ্ছেন ঝাড়ফুঁকও।
সরেজমিনে দেখা যায়, শওকত আলীকে ঘিরে রয়েছে অসংখ্য রোগী। নারীর সংখ্যা বেশি। রোগীরা শওকতের সামনে পানি আর তেলের বোতল ধরছেন। আর তিনি সেগুলোতে ফুঁ দিচ্ছেন। আর সহযোগীরা তাঁদের কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা করে আদায় করছেন। জোর করে না হলেও নানাভাবে প্রচারণার মাধ্যমে এই টাকা আদায় করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে শওকত সিলেট হজরত শাহজালালের মাজার এলাকায় এক ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতে শুরু করেন। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে বাড়ি ফিরে আসেন তিনি। এ সময় সবাইকে জানান, তিনি এক পীরের সন্ধান পেয়েছেন। আশরাফ চৌধুরী নামে ওই পীর তাঁর মধ্যে অবস্থান করছেন। ওই পীর তাঁকে মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দিয়েছেন। এরপর থেকে শওকত নিজ বাড়িতে কবিরাজি শুরু করেন। প্রথম দিকে কিছু কিছু মহিলা রোগী আসতে থাকেন। বর্তমানে প্রতিদিন শত শত রোগী আসছেন।
এ বিষয়ে শওকত আলী জানান, সবগুলো রোগের একই চিকিৎসা। সেই সঙ্গে বাচ্চাদের শরীরে ঝাড়ফুঁক করেন। তাঁর এই চিকিৎসায় অনেক রোগী ভালো হয়েছেন বলে দাবি করলেও তাঁদের নাম-ঠিকানা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, সব রোগীর নাম লিখে রাখা সম্ভব নয়। তবে ভালো না হলে এত রোগী হতো না বলে মন্তব্য করেন তিনি।
তাঁর কাছে চিকিৎসা নিতে আসা ভবিতপুর গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ডলি খাতুন জানান, তিনি হাঁপানি রোগে ভুগছেন। দুই দিন ধরে এখানে আসছেন। তবে এখনো তেমন কোনো পরিবর্তন দেখতে পাননি। তাঁকে কবিরাজ বলেছেন, আরও কয়েকবার এলে তিনি ভালো হয়ে যাবেন। প্রতিদিন পানি পড়া নিতে ৪০ টাকা করে দিতে হয়েছে।
যকৃতের ক্যানসারে আক্রান্ত মির্জাপুর গ্রামের গোলাম রসুল বলেন, অনেক জায়গায় চিকিৎসা নিয়েও ভালো হতে পারেননি। তাই এখানে আসছেন। তিন দফা পানি পড়া খেয়েছেন। কিন্তু কোনো পরিবর্তন বুঝতে পারেননি। তবে আশা নিয়ে আসছেন।
ওই এলাকার বাসিন্দা শিমুল হোসেন জানান, কথিত ওই কবিরাজের আশপাশে কিছু দালাল চক্রও তৈরি হয়েছে। যারা প্রচারণা করে রোগী বাড়াচ্ছে।
ঝিনাইদহের সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, ঝাড়ফুঁক, পানি ও তেল পড়া দিয়ে কোনো রোগ ভালো হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। দ্রুত এই প্রতারণা বন্ধ হওয়া উচিত।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। কেউ এ ধরনের প্রতারণা করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।