রাজমিস্ত্রির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
রাজশাহীর বাগমারায় এক ব্যক্তির বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে শুভডাঙ্গা ইউনিয়নের বসন্তপুর গ্রামের রাজমিস্ত্রি সরাফত আলীর বাড়ির চারটি ঘর মালামালসহ পুড়ে গেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার বসন্তপুর গ্রামের রাজমিস্ত্রি সরাফত আলী শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর শোবার ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা আর্তচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। গ্রামের লোকজন সেচপাম্পের সাহায্যে দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে তিনটি ঘর ও একটি গোয়ালঘরসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে গ্রামের পাঁচজন কমবেশি দগ্ধ হয়েছেন। এঁরা হলেন ইউনুছ আলী, জিয়াউল, লায়েব আলী, বেশারত ও কুবাদ আলী। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সরাফত আলী অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে তাঁর চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।