সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য রাজশাহী, রংপুর ও সিলেটে গত তিন দিনে সাড়ে পাঁচ লাখ মানুষ নিবন্ধন করেছেন। এই তিন বিভাগের কারা প্রাথমিকভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন, সেটি নির্ধারণে আজ শনিবার প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে লটারি হবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই নিবন্ধন সম্পন্ন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অধীনে সারা দেশের ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোতে এই নিবন্ধন চলছে।রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ জানুয়ারি নিবন্ধন শুরু হয় এবং গতকাল তা শেষ হয়। আইআইসিটির পরিচালক এবং বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম গতকাল রাতে জানান, শুক্রবার রাত আটটা পর্যন্ত রাজশাহী বিভাগে এক লাখ ৮৯ হাজার ১৪৯ জন, রংপুর বিভাগে দুই লাখ নয় হাজার ১০২ জন এবং সিলেটে এক লাখ ২৩ হাজার ৩০৭ জন নিবন্ধন করেছেন। এখনো নিবন্ধনের অনেক তথ্য আসছে। এর আগে ঢাকা বিভাগে চার লাখ ২৫ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে সারা দেশে নয় লাখ ১৫ হাজার ৮৫৩ জন নিবন্ধন করেছেন বলে জানিয়েছে বুয়েট। সাইফুল ইসলাম জানান, তিন দিনের নিবন্ধন শেষে ঢাকা ও বরিশাল বিভাগে লটারি হয়ে গেছে। লটারিতে ঢাকা বিভাগে ১১ হাজার ৫৫৬ জন এবং বরিশালে দুই হাজার ৫৪৫ জন নির্বাচিত হয়েছেন। আজ থেকে খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। লটারি হবে ২২ জানুয়ারি।মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। তাই সারা দেশে নাম নিবন্ধন চলছে। সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা খরচ হবে। বনায়ন খাতের এই কর্মীরা ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন পাবেন।