সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। শিক্ষার্থীদের জঙ্গিবাদের কুফল ও পরিণতির কথা জানাতে ও বোঝাতে হবে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: বিকেলে জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জয়পুরহাট পুলিশ লাইনস মিলনায়তনে মতবিনিময় সভা হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলাম। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) ছিলেন। বক্তারা বলেন, তাঁরা নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক কাজ চালিয়ে যাবেন।
সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউপি চত্বরে সচেতনতামূলক সভা হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর থানার ওসি রেজাউল হক। এতে গাড়াদহ ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। অন্যদিকে তাড়াশ জে আই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়। কলেজের সামনের তাড়াশ-কাটাগাড়ী সড়কে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন কলেজের প্রতিষ্ঠাতা জাফর ইকবাল, অধ্যক্ষ ছোলায়মান হোসেন প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রাধ্যক্ষ ও অন্যান্য কার্যালয়ের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সিনেট ভবনে এ সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হক। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেছেন, জঙ্গিবাদ রুখতে বিশ্ববিদ্যালয় পরিবারকে এক হয়ে কাজ করতে হবে।
আদমদীঘি (বগুড়া): বেলা ১১টার দিকে উপজেলার সান্তাহার শহরের বিপি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সুধী সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও রেজাউল করিম। সমাবেশে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর আহ্বায়ক করা হয়েছে সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ খানকে।
শেরপুর (বগুড়া): সকাল ১০টার দিকে শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল অ্যান্ড কলেজ মানববন্ধন করে। এতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন আলী সভাপতিত্ব করেন। বেলা ১১টার দিকে ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয় ছোনকা বাজারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম আরিফুজ্জামান সভাপতিত্ব করেন।