রাজশাহী আইএইচটিতে শিক্ষককক্ষে ছাত্রলীগের তালা, ছাত্রাবাসে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ভর্তি নিয়ে ছাত্রলীগ গতকাল বুধবার শিক্ষকদের কক্ষে তালা দিয়ে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষকেরা জানান, প্রতিষ্ঠানের সাতটি অনুষদে দুই হাজার ৬৩৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য গত ২০ জুন থেকে ফরম ছাড়া হয়। নিয়ম অনুযায়ী ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা ভর্তির জন্য ১০ শতাংশ কোটা পাবে। এ ছাড়া এবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়ম করা হয়েছে পরীক্ষার্থী নিজে ভর্তি ফরম সংগ্রহ করবে, জমা দেবে এবং প্রবেশপত্র সংগ্রহ করবে। কিন্তু প্রথম দিনেই ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর পরিচয় দিয়ে একদল যুবক নিজেরাই ফরম সংগ্রহ করতে যায় এবং ১০ শতাংশ কোটা পূরণ করে ফরম ছাড়তে বাধা দেয়। কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকলে তারা ২০ জুন ফরম বিতরণ বন্ধ করে দেয়। পরের দিন দুপুর পর্যন্ত তাদের বাধার মুখে কর্তৃপক্ষ ফরম বিতরণ করতে পারেনি।গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল এবং কাল শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ছাত্রলীগের নেতারা পরীক্ষার্থী ছাড়াই প্রবেশপত্র দাবি করে।প্রতিষ্ঠানের শিক্ষক নবীর উদ্দিন বলেন, কয়েকজন ছাত্র তাঁকে ধমক দিয়ে প্রবেশপত্র বিতরণ বন্ধ করতে বলেন। একপর্যায়ে তাঁরা প্রতিষ্ঠানের বাইরের গেট এবং যেসব কক্ষে প্রবেশপত্র বিতরণের কাজ চলছিল সেই সব কক্ষে তালা লাগিয়ে শিক্ষকদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা ছাত্রাবাসের কক্ষ ভাঙচুর করেন। প্রশাসন পুলিশে খবর দিলে বাইরে তালা লাগানোর কারণে পুলিশ প্রথমে ভেতরে ঢুকতে পারেনি। পরে তালা ভেঙে তারা ভেতরে ঢোকে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।প্রায় আধা ঘণ্টা সংঘর্ষের একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, শহীদুল ইসলাম, সৌরভ, শাকিব ও দুলালকে গ্রেপ্তার করেন। সংঘর্ষের সময় অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে তৃতীয় বর্ষের ছাত্র শফিকুল ইসলাম, বাবর আলী; রেডিওলোজি বিভাগের মির্জা মনিরুল ইসলাম ও ডেন্টাল বিভাগের মকবুল হোসেনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইএইচটি ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ দাবি করেছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজন ছাত্রলীগের এবং দুজন ছাত্র মৈত্রীর।এ ঘটনায় ছাত্রলীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। বরং পুলিশই ভেতরে ঢুকে ছাত্রদের বেধড়ক পেটায় ও ভাঙচুর করে। তিনি বলেন, দূর-দূরান্ত থেকে রশিদ নিয়ে অভিভাবকেরা পরীক্ষার জন্য প্রবেশপত্র নিতে এসেছিলেন কিন্তু কর্তৃপক্ষ প্রার্থী ছাড়া প্রবেশপত্র দিতে অস্বীকার করে। পরে একপর্যায়ে পুলিশ আসে ও পরিস্থিতির অবনতি ঘটে।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় আইএইচটি অধ্যক্ষ শাজাহান আলী বলেন, জরুরিভাবে প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের সভা চলছে। সভায় ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হতে পারে। বন্ধ হলে তাঁরা নির্বিঘ্নে তাঁদের ভর্তি কার্যক্রম চালাতে পারবেন।