রাজশাহী, ঈশ্বরদী ও তারাগঞ্জে তিন খুন
পাবনার ঈশ্বরদী উপজেলায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। রাজশাহীর চারঘাট উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় হাঁসুয়ার কোপে এক ব্যক্তি নিহত হয়েছেন। রংপুরের তারাগঞ্জে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী পৌর এলাকার তছেরপাড়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে গতকাল শনিবার ভোরে যুবদলের কর্মীদের গুলিতে সুজন আলী ওরফে ল্যাংড়া সুজন (২৮) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। সুজন তছেরপাড়ার মৃত ইসলাম প্রামাণিকের ছেলে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সুজন ও তাঁর বন্ধু শাহ আলমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে একসঙ্গে মাদক ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি তাঁদের মধ্যে ব্যবসা নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে গতকাল ভোরে শাহ আলমসহ চার-পাঁচজন সুজনের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে পালিয়ে যান।
সুজনের বোন বিউটি খাতুন জানান, গুলির শব্দ পেয়ে তাঁরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির পাঁচটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিউটি খাতুন পাঁচজনের নামে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেছেন।
রাজশাহী: চারঘাট উপাজেলার হলিদাগাছি সরকারপাড়া ও পুঠিয়া উপজেলার দুর্লভপুর পাশাপাশি দুটি গ্রাম। হলিদাগাছি গ্রামের ইমদাদুল হকের (২৯) বেগুন খেতে বিষ ছিটানো ছিল। গত শুক্রবার বিকেলে দুর্লভপুর গ্রামের সিদ্দিক আলীর একটি ছাগল বেগুনগাছ খেয়ে অসুস্থ হয়ে পড়লে খেতের মালিক ছাগলটি জবাই করেন।
খবর পেয়ে সিদ্দিক আলী (৫০) সেখানে গেলে তাঁকে জবাই করা ছাগলটি দিয়ে দেওয়া হয়। এরপর সন্ধ্যার দিকে ইমদাদুল তাঁর খেত থেকে বেগুন তুলছিলেন। এ সময় সিদ্দিক তাঁর চাচাতো ভাই রতন আলীকে (২৬) নিয়ে ঘটনার প্রতিবাদ জানাতে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষে আরও লোকজন যোগ দেন। সংঘর্ষ চলাকালে ইমদাদুল রতনকে হাঁসুয়া দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সংঘর্ষে ইমদাদুল ও সিদ্দিক আলী আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ (রংপুর): উপজেলার কুর্শা ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে গোলাম রাব্বী গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার ফুফাতো বোন শাহিনা খাতুনকে (১৩) পাগলি পাগলি বলে ঢিল ছোড়ে। এতে শাহিনা রেগে যায়। শাহিনার ভয়ে রাব্বী (সাড়ে পাঁচ বছর) বাড়ির পাশে ডাঙাপাড়া আনন্দ স্কুলের ঘরে লুকিয়ে থাকে। শাহিনা সেখানে রাব্বীকে শ্বাসরোধে হত্যা করে চটের বস্তা দিয়ে ঢেকে রাখে। শাহিনা কয়েক মাস ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শাহিনাকে জেলহাজতে পাঠানো হয়েছে।