রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের (এফএসটিআই) পরিচালককে অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার তাঁকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন প্রশিক্ষণরত ফরেস্টাররা। ফরেস্টারদের বেতন তুলতে পরিচালক মুচলেকা নিতে চাইলে এ অবস্থার সৃষ্টি হয়।গতকাল দুপুরে ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, পরিচালকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সেখানে ৫৪ জন ফরেস্টার অবস্থান নিয়েছেন। ফরেস্টাররা জানান, তাঁরা ২০ বছর ধরে এই পদে চাকরি করছেন। নতুন জাতীয় স্কেলে তাঁদের বেতন সমন্বয়ও করা হয়েছে। কর্মরত অবস্থায় তাঁরা ডিপ্লোমা ইন ফরেস্ট্রি কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু ফেব্রুয়ারি মাসে তাঁদের বেতন দেওয়া হয়নি। ফরেস্টাররা আরও জানান, পরিচালক মুচলেকা ছাড়া বেতন দেবেন না বলে জানিয়েছেন। বাধ্য হয়ে তাঁরা সকাল ১১টা থেকে পরিচালককে অবরুদ্ধ করে রাখেন। তাঁরা অভিযোগ করেন, পরিচালক ব্যক্তিগত আর্থিক সুবিধা আদায়ের জন্য এই মুচলেকার কৌশল নিয়েছেন।পরে বিকেল তিনটার দিকে প্রতিষ্ঠানের একজন শিক্ষক মুচলেকা ছাড়াই ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে মর্মে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক আবুল বাশার মিয়ার কার্যালয়ে গেলে তিনি প্রথমে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘সরকারি নীতিমালার অস্পষ্টতার কারণে আমি মুচলেকা দেওয়ার প্রস্তাব দিয়েছি। কারণ রাজস্ব খাতে যাওয়ার পরে তাদের বেতন কমেও যেতে পারে। কেউ বাড়তি বেতন উত্তোলন করলে সেটা ফেরত দিতে হতে পারে।’ ব্যক্তিগত আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ তিনি অস্বীকার করেন।