রাজশাহী ও কুষ্টিয়ায় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল মঙ্গলবার পুকুরে গোসল করতে নেমে ডুবে চার শিশু মারা গেছে। তারা হচ্ছে কাকলী খাতুন (৯), জোবেদা খাতুন (৭), সাদিয়া আক্তার (৯) ও বর্ষা খাতুন (৮)। একই দিন কুষ্টিয়ায় গড়াই নদীতে ডুবে আলী আবিদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কাকলী ও জোবেদা পরস্পর খালাতো বোন। কাকলী আবুল কালাম আজাদের মেয়ে এবং জোবেদা জুয়েল হোসেনের মেয়ে। আবুল কালাম আজাদ জানান, তাঁর মেয়ে কাকলীসহ চার-পাঁচজন শিশু গতকাল সকালে একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার জানে না। পানিতে ডোবার খবর পেয়ে তিনি পুকুরের কাছে ছুটে যান। পরে তিনি কাকলী ও জোবেদাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা কিছুক্ষণ চেষ্টার পর তাদের মৃত ঘোষণা করেন। এদিকে সাদিয়া ও তার খালাতো বোন বর্ষাকে সাদিয়ার মা তানোরের সুকদেবপুরে তাঁদের নানার বাড়িতে বেড়াতে নিয়ে যান। পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে তাঁরা নানার বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা পর বাড়ির লোকজন পুকুর থেকে সাদিয়া ও বর্ষার লাশ উদ্ধার করে। এদিকে কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া আলী আবিদ ‘আমার দেশ’ পত্রিকার জেলা প্রতিনিধি বরকত আলীর একমাত্র সন্তান।