রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার খোলাবোনায় ব্র্যাক ব্যাংকের প্রহরী আবদুল্লাহ আল মামুন হত্যায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে দুজনকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পবা উপজেলার বেলুয়া খোলাবোনা গ্রামের আবদুর রহিমের ছেলে আজাদ, আবদুর বারির ছেলে কাবিল হোসেন ও নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন।
তাঁদের মধ্যে আজাদ ও কাবিলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা, তা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য আসামি সাজ্জাদ হোসেনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, তা অনাদায়ে চার মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ মামলার অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ১৬ অক্টোবর ঈদুল আজহার দিন পবার খোলাবোনা গ্রামে আবদুল্লাহ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবগঞ্জ উপজেলার আবদুর মালেককে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর উপজেলার আমনুরা বাজারপাড়া এলাকার মো. রাসেলকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের ৬ নভেম্বর শিবগঞ্জে এক প্রতিবন্ধী তরুণী নদীতে পানি আনতে যান। তখন আবদুর মালেক তাঁকে ধর্ষণ করেন। এ ঘটনায় তরুণীর মা ওই দিনই শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এ ছাড়া ২০১৩ সালের ২৪ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদর উপজেলার আমনুরা বাজারপাড়ায় রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাঁকে ও তাঁর মা আঞ্জুয়ারা বেওয়াকে (৫২) গ্রেপ্তার করে। ওই দিনই সদর থানায় মামলা করেন পুলিশের পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান।