রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গতকাল রোববার সন্ধ্যায় পদ্মা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছিল। একই নদীর পানি কুষ্টিয়ায় স্থিতাবস্থায় রয়েছে। প্রবল স্রোতের কারণে রাজশাহী শহর রক্ষা বাঁধের মূল অবকাঠামো ‘টি-গ্রোয়েন’-এ গতকাল সকালে ভাঙন শুরু হয়েছে। আর পানি বাড়তে থাকায় চাঁদপুরের ঈশানবালা এলাকায় দেখা দিয়েছে মেঘনা নদীর তীব্র ভাঙন।
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর প্রতিনিধি এবং কুষ্টিয়া অফিস জানিয়েছে বিস্তারিত:
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহীতে পদ্মার পানি শনিবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত ৮ সেন্টিমিটার বেড়ে সন্ধ্যায় বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জে যেখানে পদ্মা বাংলাদেশে ঢুকেছে, সেখানে পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। তবে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার কমেছে।
রাজশাহী শহর রক্ষা বাঁধের মূল অবকাঠামো নগরের শ্রীরামপুর এলাকায় অবস্থিত টি-গ্রোয়েনে সকাল সাড়ে সাতটার দিকে ভাঙন দেখা দেয়। প্রবল স্রোতের কারণে গ্রোয়েনের প্রায় দুই ফুট চওড়া হয়ে নিচের দিকে ইট খুলে গেছে। সকালেই ঘটনাটি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ফেলে ভাঙা জায়গাটি ভরাট করার চেষ্টা করেন তাঁরা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, ভাটিতে যমুনা নদীর পানি পদ্মার চেয়ে ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ জন্য স্রোতের বেগ বেশি। টি-গ্রোয়েনের প্রায় ২ ফুট এলাকার ইট খুলে নিচের দিকে নেমে গেছে। আশা করা হচ্ছে, ভাঙন আর বাড়বে না।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বিপৎসীমার নিচে থাকলেও এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। শিবগঞ্জের পাকা ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তাঁর ইউনিয়নের ৩০ হাজার মানুষের মধ্যে প্রায় ৯০ ভাগই এখন পানিবন্দী। এখানে পানি বিশুদ্ধকরণ বড়ি ও স্যালাইন বিতরণ করা জরুরি হয়ে পড়েছে।
কুষ্টিয়ায় পদ্মার পানি গতকাল কমেছে। কুষ্টিয়া পাউবোর এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা ছয়টায় হার্ডিঞ্জ সেতু এলাকায় পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগের দিন সন্ধ্যায় প্রবাহিত হচ্ছিল ৭ সেন্টিমিটার নিচ দিয়ে। পদ্মার শাখা গড়াই নদের পানি স্থিতাবস্থায় আছে। চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৪১টি এবং ভেড়ামারা উপজেলার ৩টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়ে অন্তত ৬০ হাজার মানুষ।
চাঁদপুরের ঈশানবালা এলাকায় মেঘনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানসহ অনেক বসতঘর বিলীন হয়ে গেছে।