রাজশাহী ও তাড়াশে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় গতকাল শুক্রবার বাসের চাপায় দুজন নিহত হয়েছে। সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
রাজশাহী নগরে নিহত ব্যক্তিরা হলেন নগরের দেবিশিংপাড়ার আরিফুল ইসলাম (৩২) ও শিরোইল বাস টার্মিনাল এলাকার আনোয়ার হোসেন (৩৫)। সিরাজগঞ্জে নিহত হয়েছেন সলঙ্গা থানার মালতিনগর গ্রামের সাইদুর রহমান (৫৮)।
রাজশাহী নগরের মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, বেলা সাড়ে তিনটার দিকে বিনোদপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাপায় মোটরসাইকেল চালক আরিফুল ইসলাম মারা যান। স্থানীয় লোকজন মোটরসাইকেলের আরোহী আনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮ নম্বর সেতু এলাকায় নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইদুর রহমান নিহত ও আরও ১০ জন আহত হন।