চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও রাজবাড়ীতে পদ্মার পানি কমেছে। তবে নদীতে তীব্র স্রোত রয়েছে। এতে রাজশাহীতে শহর রক্ষা বাঁধের মূল অবকাঠামো ‘টি গ্রোয়েন’ এবং রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। ভাঙনের কারণে দুটি ঘাট কার্যত বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপার ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে।
রাজশাহীতে বাঁধের টি গ্রোয়েনে ভাঙন দেখা দেয় গত রোববার সকালে। সেদিন পদ্মায় প্রবল স্রোতের কারণে গ্রোয়েনের দক্ষিণ-পশ্চিম কোনার ইট খুলতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তৎক্ষণাৎ জিও ব্যাগ ফেলা শুরু করা হয়। প্রথম দুদিনে ২০০ কেজি ওজনের বালু ভরা জিও ব্যাগ ভাঙনের স্থানে ফেলা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে ভাঙন বেড়ে যায়। আগের ফেলা জিও ব্যাগও নেমে যেতে থাকে। গতকাল সকাল থেকে ওজন বাড়িয়ে ৩০০ কেজির ব্যাগ ফেলতে শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ব্যাগ ফেলে শেষ করা যাচ্ছে না। যতই ফেলা হচ্ছে ততই নেমে যাচ্ছে।
গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে গতকাল আবার অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সোমবার বন্ধ হয়ে যাওয়া ৩ নম্বর ঘাটটি ঝুঁকিপূর্ণ অবস্থায় চালু করা হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুটি গতকালও বন্ধ ছিল। স্রোতের কারণে মূল সড়ক থেকে ২ নম্বর ঘাটের পন্টুন পর্যন্ত সংযোগ সড়কের এক পাশ ভেঙে গেছে। এর ফলে এ সড়কের ওপরের পাশাপাশি দুটি র্যামের একদিকের র্যামটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে সড়কটি একমুখী হয়ে গিয়ে ফেরিতে গাড়ি ওঠা-নামায় ভোগান্তি বেড়ে গেছে। আটকা পড়ছে শত শত গাড়ি।
সোমবারের মতো গতকালও ১৯টি ফেরির মধ্যে ১৩টি চলাচল করে। টানা কয়েক দিন থেকে ফেরি কম চলায় ঘাট এলাকায় দুর্ভোগ বেড়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি ১ সেমি কমে বিপৎসীমার ১০ সেমি নিচ দিয়ে বইছে।