রাজশাহী ও নওগাঁয় জেএমবির দুই সদস্য গ্রেপ্তার
রাজশাহী মহানগর ও নওগাঁর আত্রাই উপজেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীতে গ্রেপ্তার ব্যক্তির নাম মজনুর রহমান ওরফে বল্টু। তাঁর বাড়ি বাগমারা উপজেলার পলাশী গ্রামে। গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় গত বুধবার রাত আটটার দিকে নগরের একটি কলেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চারঘাট থানার এসআই মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন ভরতেঁতুলিয়া এলাকা থেকে গতকাল সকালে আইচান আবদুল্লাহ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নওদুলী গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে। তিনি দুটি মামলার পলাতক আসামি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, আইচান আবদুল্লাহ জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাঁকে থানা হাজতে রাখা হয়েছে।