রাজশাহী ও নওগাঁয় জেলা সিপিবি সম্মেলন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা শাখার দশম সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নগরের গণকপাড়া মোড়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাভলু। এদিকে সিপিবি নওগাঁ জেলা শাখার দুই দিনব্যাপী অষ্টম সম্মেলন গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী সভায় দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স।
রাজশাহী সম্মেলনে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ আল ক্বাফী রতন, রাগীব আহসান মুন্না, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা কমিটির সদস্য আফতাব হোসেন কাজল ও অসিত সাহা। সভাপতিত্ব করেন সিপিবি রাজশাহী জেলার সভাপতি প্রশান্ত পান্ডে।
সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, উদ্বোধনী সমাবেশ শেষে রাতে সংগঠনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। যেখানে সাংগঠনিক কার্যক্রম ও কমিটির বিষয়ে আলোচনা করা হবে।
সমাবেশের শুরুতে একটি শোভাযাত্রা বের করা হয়। এর আগে মঞ্চে বিপ্লবী সংগীত পরিবেশন করা হয়।
এদিকে নওগাঁয় সিপিবির দুই দিনব্যাপী জেলা সম্মেলন উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে শহীদ মিনারে জেলা কমিটির সভাপতি প্রদ্যুত ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অনিরুদ্ধ দাস অঞ্জন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহসীন রেজা, মুক্তিযোদ্ধা ময়নূল হক মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।