রাজশাহী ও নবীনগরে জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জামায়াত-শিবিরের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রাজশাহীতে অভিযানের সময় বিস্ফোরক, ধারালো অস্ত্র ও সাংগঠনিক বই উদ্ধার করা হয়। এ ছাড়া সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জে একটি মাদ্রাসার সুপারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরের দেবীশিংপাড়া এলাকায় গতকাল শুক্রবার ভোরে অভিযানে যায় পুলিশ। এ সময় ‘মাখনের মেস’ নামে পরিচিত ওই এলাকার একটি ছাত্রাবাস থেকে শিবিরের ১৫ জন কর্মীকে আটক করা হয়। ওই ছাত্রাবাস থেকে চারটি হাঁসুয়া, বেশ কিছু ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, সাংগঠনিক বই, ছাত্রশিবিরের প্রতিবেদন বই ও গঠনতন্ত্র উদ্ধার করে পুলিশ।ওসি আরও জানান, শিবিরের আটক কর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার প্রাক্কালে গত বৃহস্পতিবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর বাসস্ট্যান্ডে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ সেখানে গিয়ে তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও জামায়াতের নবীনগর পৌর শাখার সাধারণ সম্পাদক খুরশীদ আলম (৪২) এবং ছাত্রশিবিরের শিবপুর ইউনিয়নের সভাপতি কামরুল ইসলামকে (২৬) আটক করতে সক্ষম হয় পুলিশ। এই দুজনের বিরুদ্ধে হরতালে গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। দুই নেতাকে গতকাল শুক্রবার আদালতে চালান দেওয়া হয়েছে।নবীনগর থানার ওসি আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই দুই নেতার বিরুদ্ধে বিগত দিনে হরতালের সময় গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা আছে।গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশ কর্মসূচিতে গোপালগঞ্জ সদর উপজেলার ভবানীপুর মাদ্রাসার বেশ কিছু শিক্ষার্থীকে পাঠানো হয়। এ অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় মাদ্রাসাটির সুপার মো. শুয়াইবসহ (৩৪) চার শিক্ষককে আটক করা হয়। অন্য তিনজন হলেন মাওলানা নুরুল ইসলাম (২৮), মো. সাফায়েত হোসাইন (৪৪) ও মো. ইদ্রিস আলী (৪০)।