রাজশাহী ও নাটোরে দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ শনিবার শিশুসহ তিনজন নিহত হয়েছে।

রাজশাহী নগরের শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘন কুয়াশার মধ্যে ভোর পৌনে ছয়টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস পবার ভূগরইল এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন অটোরিকশায় থাকা শিশু সায়েম আলী (১৪) ও সুমী খাতুন (২২)। হাসপাতালে নেওয়ার পথে সুমীর এবং হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়। সায়েম রাজশাহী কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাড়ি পবার নওহাটা পৌর এলাকায়। তার বাবার নাম আবুল কালাম আজাদ। সুমী খাতুনের বাড়ি একই এলাকায়। তাঁর বাবার নাম আবদুর রহমান।

নাটোরের লালপুরে মাইক্রোবাসের চাপায় জহুরা বেগম (৬০) নামের এক নারী মারা গেছেন। বেলা ১১টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি লালপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) শামীমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।