রাজশাহী ও নাটোরের বাস ধর্মঘট প্রত্যাহার
রাজশাহী ও নাটোরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামানের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার করে নেন দুই জেলার পরিবহন নেতারা।সন্ধ্যার পর থেকে দুই জেলায় বাস চলাচল শুরু হয়েছে। এর আগে ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে চরম দুর্ভোগে পড়েন রাজশাহী ও নাটোরের যাত্রীরা। গত রোববার বিকেলে রাজশাহী নগরে নাটোরের বাস মালিক সমিতির এক নেতার বাস পোড়ানোর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আহ্বান করেন দুটি জেলার পরিবহন নেতারা।গতকাল সকালে রাজশাহী নগরের শিরোইল বাসস্ট্যান্ডে যাত্রী এস এম নওরোজ বলেন, ‘ঢাকায় যেতে বাসের টিকিট কেটেছিলাম। কাউন্টারে এসে শুনি বাস বন্ধ। উপায় না দেখে ট্রেনের টিকিট কাটতে সারিতে দাঁড়িয়েছিলাম। এক ঘণ্টারও বেশি সময় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিকিট না পেয়ে আবার বাসস্ট্যান্ডে ফিরে এসেছি।’ উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান দুই জেলার পরিবহন নেতাদের নিয়ে গতকাল বেলা চারটার দিকে তাঁর কার্যালয়ে বৈঠকে বসেন। বৈঠকে জেলা প্রশাসন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহণকারী রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় বাস চলাচলে নিরাপত্তা, পরিবহন শ্রমিকদের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তার এবং বাস পোড়ানোর ক্ষতিপূরণের দাবিতে আমরা ধর্মঘট ডেকেছিলাম। বৈঠকে মেয়র আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’ বৈঠকে উপস্থিত নাটোর জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক জামিলুর রহমান বলেন, ‘রাজশাহী সিটি মেয়র আমাদের বাস পোড়ানো ও ভাঙচুরের ক্ষতিপূরণে সহায়তা এবং দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’