রাজশাহী ও পাবনায় দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহাগরের মহিষবাথান এলাকার একটি পুকুর থেকে এবং পাবনার ফরিদপুর উপজেলার কেনাই গ্রামের একটি ফসলের মাঠ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে নিহত যুবকের নাম জেরি গোমেজ (৩০) এবং পাবনায় নিহতের নাম মনিরুল ইসলাম (২৫)।গতকাল বৃহস্পতিবার সকালে তিন দিন আগে নিখোঁজ জেরি গোমেজের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাবা মৃত নেগেন গোমেজ। বাড়ি নগরের হড়গ্রাম পূর্বটালিপাড়া এলাকায়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, জেরি গত সোমবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে মহিষবাথান উত্তরপাড়া এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।বুধবার সন্ধ্যায় পুলিশ মনিরুলের লাশ উদ্ধার করে। পেশায় তিনি ভ্যানচালক। বাড়ি ফরিদপুর উপজেলার দিঘুলীয়া গ্রামে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মনিরুলের বাবা ইসহাক আলী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।ফরিদপুর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বলেন, নিহত মনিরুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।