রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
এদিকে পাবনার সুজানগর উপজেলার ডা. জহুরুল কামাল কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সকাল থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়।
রাজশাহীতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বানেশ্বর কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব প্রমুখ।
বক্তারা বলেন, এই এলাকার কিছু শিক্ষানুরাগী ১৯৬৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে কলেজটিতে ২ হাজার ৬৩১ জন শিক্ষার্থী রয়েছে। এটি সরকারীকরণের দাবি রাখে। কলেজটির অবস্থান এমন এক জায়গায়, এর সরকারীকরণ হলে শুধু উপজেলারই নয়, আশপাশের উপজেলা চারঘাট, পবা, দুর্গাপুর ও বাঘার শিক্ষার্থীরাও এখানে পড়াশোনার সুযোগ পাবেন।
পাবনা: গতকাল বেলা ১১টার দিকে ডা. জহুরুল কামাল কলেজের আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এসে দুলাই বাজার এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে জড়ো হন। এরপর তাঁরা দীর্ঘ মানববন্ধন করেন। প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি চলে। এ সময় কলেজটি সরকারীকরণের দাবির পক্ষে লেখা পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এ ছাড়া বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, দুলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তাদের দাবি, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ডা. জহুরুল কামাল কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এখানে ছয়টি বিষয়ে স্নাতক (সম্মান) চালু রয়েছে। ফলাফলের দিক থেকে কলেজটি উপজেলার শীর্ষ অবস্থানে রয়েছে। তা সত্ত্বেও অজ্ঞাত কারণে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ জাতীয়করণ হয়েছে। যেখানে স্নাতক (পাস) কোর্স খোলা হয়েছে মাত্র কয়েক বছর আগে। সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা বড়জোর ১২০০।
মানববন্ধন শেষে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়। বেলা একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন ও সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।