রাজশাহী ও বগুড়ায় দুজন খুন
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই মামার মধ্যে সংঘটিত মারামারির সময় বড় মামাকে বাঁচাতে গিয়ে ছোট মামার ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরাফাত হোসেন (২০) নামের এক তরুণ। গতকাল বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারটেকুর গ্রামে এই খুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আরাফাতের ছোট মামা মিরাজুল ইসলাম পলাতক রয়েছেন।
এদিকে গত বুধবার দিবাগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রামে আহসান হাবীব (৪৫) নামের এক দিনমজুর খুন হয়েছেন।
শাজাহানপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৈতৃক সম্পত্তি নিয়ে পারটেকুর উত্তরপাড়া গ্রামের দুই ভাই আবদুল মালেক (৪৫) ও মিরাজুল ইসলামের (২৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাতটার দিকে ছোট ভাই মিরাজুল বাড়ির পাশের জায়গায় গাছের চারা লাগাতে যান। এতে বাধা দেন বড় ভাই আবদুল মালেক। এ নিয়ে বাগ্বিতণ্ডার পর উভয়ের মধ্যে মারামারি বেধে যায়। একপর্যায়ে মিরাজুল ছুরি নিয়ে বড় ভাইকে আঘাত করতে যান। তখন ঘটনাস্থলে উপস্থিত তাঁদের ভাগনে আরাফাত তাঁর বড় মামাকে বাঁচাতে যান। তখন ক্ষুব্ধ হয়ে মিরাজুল আরাফাতের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরাফাত মারা যান। ঘটনার পরপরই মিরাজুল পালিয়ে যান।
ছুরিকাঘাতে আহত মিরাজুলের বড় ভাই আবদুল মালেককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নান বলেন, মিরাজুলকে আটক করার চেষ্টা চলছে।
চারঘাট থানা সূত্রে জানা গেছে, শিমুলিয়া গ্রামের দিনমজুর আহসান হাবীব প্রায় এক বছর আগে একই গ্রামের মুরশিদা নামের এক নারীকে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর তাঁদের পারিবারিক বিবাদ চরম আকার ধারণ করে। এর মধ্যে দেড় মাস আগে হাবীব কাজের সন্ধানে ঢাকায় চলে যান। সেখান থেকে গত মঙ্গলবার রাতে গ্রামে ফিরে এসে তিনি প্রথম স্ত্রীর বাড়িতে ওঠেন। এ খবর জানতে পেরে বুধবার দিবাগত রাতে কৌশলে হাবীবকে ডেকে নেন তাঁর দ্বিতীয় স্ত্রী মুরশিদা বেগম। এরপর গতকাল সকালে স্থানীয় একটি আমবাগানের ভেতর থেকে হাবিবের লাশ উদ্ধার করা হয়।