রাজশাহী ও রংপুর বিভাগে রোববার বিএনপির হরতাল
রাজশাহী ও রংপুর বিভাগে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়।গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান। এ ছাড়া আগামী শনিবার দুই বিভাগের সব জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে রীতিমতো জুলুম শুরু করেছে। বাকশালী কায়দায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের অধিকাংশের বাড়ি রাজশাহী ও রংপুর বিভাগে। তাই এ দুই বিভাগে হরতাল ডাকা হয়েছে। সংবাদ সম্মেলনে ২১ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। সংবাদ সম্মেলন থেকে আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ প্রকাশের অনুমতি, বর্তমান সরকারের আমলে হওয়া বিভিন্ন দুর্নীতির বিচার, বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দেওয়ার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আসাদুল হাবিব, জয়পুরহাট সদর আসনের সাংসদ মোতাহার আলী প্রধানসহ দুই বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।