রাজশাহী ও রংপুর বিভাগে ৪ ফেব্রুয়ারি বিএনপির হরতাল
আটক বিএনপি নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে বিএনপি হরতাল আহ্বান করেছে। গতকাল রাজশাহীতে ১৯ রাজনৈতিক জেলার নেতাদের সমন্বয় সভা শেষে হরতালসহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আঞ্চলিক রাজনৈতিক ভিত শক্তিশালী করতে অঞ্চলভিত্তিক এ কর্মসূচি দিয়েছে বিএনপি। রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান। পাঁচ ধাপের এ আন্দোলন কর্মসূচির মধ্য রয়েছে ২৪ জানুয়ারি বেলা ১১টায় দুই বিভাগের সব জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মানবপ্রাচীর, ২৭ জানুয়ারি দুই বিভাগের সব জেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ, ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, ২ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টার সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি এবং ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল। আওয়ামী লীগকে ‘স্বৈরাচারী’ সরকার হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে মিজানুর রহমান বলেন, ‘এই সরকারমুক্ত বাংলাদেশ মানুষ দেখতে চায়।’ আঞ্চলিক কর্মসূচির বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান টুকু বলেন, ‘সব সময় জাতীয় পর্যায় থেকেই কর্মসূচি দেওয়া হয়। কিন্তু তার বাইরে এসে আঞ্চলিক পর্যায়ের রাজনৈতিক ভিত শক্ত করার জন্য অঞ্চল থেকে এ কর্মসূচি দেওয়া হচ্ছে।’ সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বনির্ভর সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর আটকের প্রতিবাদ জানিয়ে রাজশাহী এবং রংপুর বিভাগসহ সারা দেশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।