রাজশাহী ও সিলেটে ক্যাম্প শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও সিলেট অঞ্চলের আই-জেন আঞ্চলিক প্রতিযোগিতা এবং আবাসিক ক্যাম্প আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে৷ এতে অংশ নেবে এ দুটি অঞ্চলের ১৬ জেলার সেরা ১৬টি স্কুল দল। এভাবে পর্যায়ক্রমে আট অঞ্চলে আটটি ক্যাম্পে অংশ নেবে ৬৪ জেলার বিজয়ী স্কুল দলগুলো৷ ইতিমধ্যে ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের ক্যাম্প শেষ হয়েছে৷
প্রতিটি অঞ্চলে তিন দিনের ক্যাম্প ও প্রতিযোগিতা শেষে আট অঞ্চল থেকে আটটি স্কুল দল নির্বাচিত হবে জাতীয় পর্যায়ের আই-জেন প্রতিযোগিতার জন্য৷ প্রতি দলে থাকছে জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দলের পাঁচজন প্রতিযোগী৷ আই-জেনের অঞ্চলগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর৷
রাজশাহী অঞ্চলের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে৷ এতে অংশ নিচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, নাটোর, মেহেরপুর, পাবনা ও কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্বকারী সেরা স্কুল দল৷ স্কুলগুলো হচ্ছে গভ. ল্যাবরেটরি হাইস্কুল, হরি মোহন সরকারি উচ্চবিদ্যালয়, নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সরকারি উচ্চবিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়৷
সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে আঞ্চলিক আই-জেন ক্যাম্পে অংশ নিচ্ছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও নরসিংদী জেলার প্রতিনিধিত্বকারী স্কুল দলগুলো৷ এ অঞ্চলের সেরা দলগুলোর মধ্যে আছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়, দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, অ্যাথনিকা অ্যান ইংলিশ ভার্সন স্কুল ও জনতা আদর্শ উচ্চবিদ্যালয়৷
তিন দিনের এই আবাসিক ক্যাম্পে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নেবে৷ এতে কম্পিউটার প্রোগ্রামিং ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া থাকবে ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, ইন্টারনেট নিরাপত্তা, উইকিপিডিয়া ও গুগল ট্রান্সলেটে অবদানের মতো বিষয়ে কর্মশালার ব্যবস্থা। প্রশিক্ষণ দেওয়া হবে উপস্থাপন ও সুন্দর বাচনভঙ্গি বিষয়ে৷ থাকবে নেতৃত্ব, লক্ষ্য, ব্যক্তিত্বসহ জ্ঞান-বিজ্ঞানের নানা বিষয়ের পাঠ আর এগুলোর ওপর অভিজ্ঞদের সঙ্গে আলাপচারিতা৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।