রাজশাহী ও হবিগঞ্জের মেয়রের বরখাস্তের আদেশও স্থগিত
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে সর্বশেষ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার তাঁদের করা পৃথক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
রুলে তাঁদের দুজনের সাময়িক বরখাস্তের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওই দুই মেয়রের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁদের আইনজীবীরা। গত সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ রুল দেওয়ার পাশাপাশি সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল বরাবর ওই দিনই নোট দেওয়া হয়। গতকাল হওয়া আদেশের বিরুদ্ধেও নোট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনকেও দায়িত্বে ফেরার দিনে ২ এপ্রিল দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় ওই দিন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে আবার সাময়িক বরখাস্ত করা হয়। একই দিন দ্বিতীয় দফায় বরখাস্ত হন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।
মোসাদ্দেক ও গউছের পৃথক রিটের ওপর গতকাল দুপুরে হাইকোর্টে শুনানি হয়। আদালতে মোসাদ্দেকের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল হক হেলাল। গউছের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এ সময় মোসাদ্দেক ও গউছ আদালতে উপস্থিত ছিলেন।