রাজশাহী কর অঞ্চলের কমিশনারসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে গত রোববার রাজশাহীর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলা হয়েছে। ঘুষের টাকা না পেয়ে করদাতার অজ্ঞাতে তাঁর ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগ এনে নগরের উপশহর এলাকার বাসিন্দা চিকিৎসক অভিজিৎ দাম মামলাটি করেন। আদালত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁরা হলেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার আ জ ম জিয়াউল হক, সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম ও কর পরিদর্শক আবুল বাশার।
তবে গতকাল সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আ জ ম জিয়াউল হক দাবি করেন, অপ্রদর্শিত আয়ের কর দেওয়া থেকে বাঁচতেই অভিজিৎ দাম মিথ্যা মামলা করেছেন।
মামলার আরজিতে বলা হয়, ২০১০-১১ অর্থবছরে অভিজিতের আয় ৪৪ লাখ ১৩ হাজার ২০ টাকা দেখিয়ে নয় লাখ ৬৫ হাজার ৫০৫ টাকা আয়কর নির্ধারণ করা হয়। বাদী আপত্তি জানিয়ে আপিল করেন। আপিলে তাঁর আয় ২৯ লাখ ৫৫ হাজার ৯০০ টাকায় নিষ্পত্তি হয়। আপিলের সিদ্ধান্ত অনুযায়ী করদাতাকে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে বলা হয়। কিন্তু এরই মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে অভিজিতের আয়ের পরিমাণ বাড়িয়ে এবার ৪৯ লাখ ৮৭ হাজার ৭০০ দেখান এবং ১১ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা আয়কর নির্ধারণ করেন।
মামলার আরজিতে বলা হয়, বাড়তি করের এই দাবিনামার তারিখ পিছিয়ে গত ১৫ এপ্রিল স্বাক্ষরিত দেখানো হয় এবং ৩০ এপ্রিলের মধ্যে আয়কর পরিশোধ করতে বলা হয়। বাদীর কাছে গত ২৬ মে এই দাবিনামা সরবরাহ করা হয়। এর বিরুদ্ধে গত ২৬ জুন বাদী রাজশাহী কর অঞ্চলে আবার আপিল করেন।
আরজিতে বলা হয়, পাঁচ লাখ টাকা ঘুষের দাবিতে অন্যায়ভাবে বারবার করদাতার আয়ের পরিমাণ বাড়িয়ে ঘুষের টাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল। ঘুষের অর্থ না দেওয়ায় আপিলকে পাস কাটিয়ে ২৯ জুন আসামিরা করদাতার রাজশাহী মেডিকেল কলেজ শাখার সোনালী ব্যাংকের হিসাব থেকে ১১ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা তুলে ব্যাংক হিসাব জব্দ করেন। এ জন্য তাঁরা সোনালী ব্যাংকে একটি নোটিশ দেন, যা বেআইনি।
আরজিতে আরও বলা হয়, বিষয়টি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে লিখিত অভিযোগ করা হয়। এ ব্যাপারে গত ১৮ জুলাই কর কমিশনারকে একটি আইনি নোটিশও দেওয়া হয়। কোনো সাড়া না পেয়ে গতকাল তিনি আদালতে মামলা করেন।