রাজশাহী করপোরেশনের বিভিন্ন স্থাপনায় তালা

বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা রাজশাহী সিটি করপোরেশন কার্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন স্থাপনায় তালা ঝুলিয়েছেন। আজ সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন শুরু করেছেন তাঁরা।
সকাল নয়টার দিকে কর্মচারীরা গিয়ে নগরভবনের প্রধান ফটক, সিটি করপোরেশন পরিচালিত শহীদ এএইচ এম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান এবং নগরের শালবাগান এলাকায় সিটি করপোরেশনের পরিবহন শাখায় তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভকারীরা নগর ভবনের প্রধান ফটকের সামনে শুয়ে পড়েছেন। তাঁদের বাধার কারণে কোনো কর্মচারী ও কর্মকর্তা নগর ভবনের ভেতরে ঢুকতে পারেনি। মেয়রও আসেননি কার্যালয়ে।
রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই আন্দোলন চলছে। সংগঠনের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ জানান, রাজশাহী সিটি করপোরেশনে তাদের প্রায় ২ হাজার ২০০ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী রয়েছে। তাদের ৩০০ টাকা করে মজুরি দেওয়া হয়। এবারের বাজেটে ৩০ টাকা বাড়িয়ে ৩৩০ করা হয়েছে। বর্ধিত মজুরি এখনো দেওয়া শুরু হয়নি। তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাঁদের মজুরি পুনর্নির্ধারণের জন্য গত বছর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী একজন অদক্ষ শ্রমিককে ৪৫০ টাকা এবং একজন দক্ষ শ্রমিককে ৫০০ টাকা মজুরি দিতে হবে।
এ ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হলো, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে, গৃহনির্মাণের ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি দিতে হবে, অবসরকালীন ভাতা সম্পূর্ণরূপে প্রদান, স্থায়ী কর্মচারীদের বদলি, কারণ দর্শানো বন্ধ এবং বরখাস্তকৃত কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, সাংগঠনিক কাঠামো সংশোধনপূর্বক নিয়োগের ব্যবস্থা করা, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, কল্যাণ তহবিল বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন ও স্থায়ী কর্মচারীদের পোশাক, জুতা ও ছাতাসহ সব বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
এই দাবিতে এর আগে গত ১৮ জুন একইভাবে তাঁরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন গতকাল রোববার ঢাকায় ছিলেন। তিনি ফোনে প্রথম আলোকে বলেছিলেন, এই আন্দোলনের মধ্যে কিছু অযৌক্তিক ব্যাপার আছে। তাঁদের পেছনে কোনো ইন্ধনদাতা রয়েছেন। তিনি এবার চেয়ারে বসার পর থেকে এটা বুঝতে পারছেন। তিনি ঢাকা থেকে ফিরে বসে একটা সমাধানের চেষ্টা করবেন।