রাজশাহী কলেজে ছাত্রী নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ
সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রী নিহত হওয়ার ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার সকাল থেকে বিক্ষোভ করছেন। তাঁরা হতাহত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন। একই সঙ্গে যাতায়াতের জন্য নিজস্ব বাস দাবি করেছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কলেজের নিজস্ব নতুন বাস এবং নিহত ও আহত ছাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে স্লোগান দেন। তাঁরা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করলে কলেজ কর্তৃপক্ষ ভেতরে ঢুকতে দেয়নি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তাঁরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১২টার দিকে তাঁরা নগরের মনিচত্বর এলাকায় গিয়ে একটি বাস ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়।
শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য আটটি বাস রয়েছে। এর মধ্যে একটি বাস শুধু কলেজের নিজস্ব। বাকি সাতটি বাসই ভাড়া করা।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব বাসের সবই লক্কড়-ঝক্কড় ও ফিটনেসবিহীন। এ কারণে প্রায়ই এগুলো দুর্ঘটনায় পড়ে। তাঁরা কলেজের নিজস্ব বাসের দাবি জানান।
কলেজ কর্তৃপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের ঘোষিত চার দিনের শোক পালন কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন কলেজে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সকালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা কলেজে এসে কালো ব্যাজ পরেন। পরে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।
গতকাল রোববার রাজশাহীর পবার কাটাখালীতে মুখোমুখি সংঘর্ষের পর রাজশাহী কলেজের ছাত্রীদের বহনকারী বাস উল্টে তিন ছাত্রী নিহত হন। এ ঘটনায় আহত ১৩ ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।