রাজশাহী কলেজে ভর্তি ঠেকাতে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কলেজে আজ মঙ্গলবার একাদশ শ্রেণির ভর্তি ঠেকাতে কলেজ মিলনায়তনে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী কলেজে আজ মঙ্গলবার একাদশ শ্রেণির ভর্তি ঠেকাতে কলেজ মিলনায়তনে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী কলেজে আজ মঙ্গলবার একাদশ শ্রেণির ভর্তি ঠেকাতে কলেজ মিলনায়তনে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এ সময় ভর্তির জন্য অপেক্ষমাণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে দোতলা থেকে নিচে নামতে গিয়ে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনায় ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দ্বিতীয় মেধা তালিকা অনুযায়ী রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলছিল। সকাল ১০টা থেকে কলেজের মিলনায়তনে ভর্তি শুরু হয়। ভর্তি শুরুর পর থেকেই সেখানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। সেখানে বেশ কিছু বহিরাগতও উপস্থিত ছিলেন। সংগঠনের নেতা-কর্মীরা ভর্তি কার্যক্রমের ওপর নজর রাখছিলেন, যাতে কোনো অনিয়ম না হয়।
বেলা পৌনে একটার দিকে যখন বিজ্ঞান বিভাগের ১৭ জন শিক্ষার্থীর ভর্তি বাকি ছিল, তখন উপস্থিত বহিরাগতরা মিলনায়তনের ভেতরে চেয়ার ভাঙচুর শুরু করেন। মুহূর্তের মধ্যে তাঁরা অর্ধশত চেয়ার ভেঙে মিলনায়তন থেকে বের হয়ে যান। এ সময় ভর্তির জন্য আসা শিক্ষার্থীরা চরম আতঙ্কে ছোটাছুটি শুরু করে। দৌড়ে নিচতলায় নামতে গিয়ে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়। তাঁরা প্রাথমিক চিকিত্সা নিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান মিলনায়তনে ছুটে যান। উপাধ্যক্ষ মাইকে ঘোষণা দেন, যাদের ভর্তি বাকি আছে, অবশ্যই তারা ভর্তি হবে। কেউ যেন চলে না যায়। এ সময় প্রায় ঘণ্টা খানেক ভর্তির কার্যক্রম স্থগিত থাকে। উপাধ্যক্ষের সঙ্গে ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম। তাঁরা কলেজ কর্তৃপক্ষকে ভর্তি কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ হামলার জন্য ছাত্রশিবিরের বহিরাগত নেতা-কর্মী ও ছাত্রদলকে দায়ী করেন। তিনি দাবি করেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণার দিন ছিল। এ জন্য ছাত্রশিবির এ ঘটনা ঘটিয়েছে। ছাত্রদলের নেতারাই একজন ছাত্রের ভর্তি বন্ধ করতে গিয়েছিলেন বলে তাঁর অভিযোগ।

কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সারোয়ার আলম সিদ্দিকী অভিযোগ করেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগের বহিরাগত। বিজ্ঞান বিভাগের ১৭ জন শিক্ষার্থীর ভর্তি বাকি থাকতে হঠাত্ করে ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ভর্তি বন্ধ করতে বলেন। এরপরই হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মর্তুজা ফাহমিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর দাবি, ছাত্রলীগের নেতারা অবৈধভাবে একজন ছাত্রকে ভর্তির চেষ্টা করছিলেন। এতে বাধা দেওয়া হয়েছে। এরপরই সেখানে উপস্থিত বহিরাগতরা হামলা চালান।

ছাত্রদল ও ছাত্রশিবিরের অভিযোগ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ বলেন, ছাত্রলীগ কলেজের ভর্তি ঠেকাতে যায়নি। তাঁরা এ ধরনের কাজ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে না। ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল না। বরং তারাই এই ভর্তি কার্যক্রমে নানাভাবে সহযোগিতা করছে।

ঘটনার পর সেখানে গিয়েছিলেন নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘কারা হামলা করেছে, এটা কেউ ঠিক করে বলতে পারেনি। হামলাকারীদের কেউ চিনতে পারেনি।’

রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কারা হামলা করেছে বলতে পারব না। তবে যা-ই হোক না কেন, ভর্তির কার্যক্রম নিয়ে কোনো অনিয়ম আমি হতে দেব না। বিজ্ঞান বিভাগের মেধা তালিকার এক থেকে ৪০২ নম্বর পর্যন্ত শিক্ষার্থী সবাই ভর্তি হতে পেরেছে।’ তাঁর ধারণা, হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল; যাতে ভয় পেয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা চলে যায়। পরে তারা নিজেদের শিক্ষার্থী ভর্তি করাবে। কিন্তু তারা এটা করতে পারেনি। তিনি বলেন, হামলার কারণে ভর্তি স্থগিত করা হয়নি। ওই সময় ফরম জমা নেওয়া হচ্ছিল।