রাজশাহী কলেজে ভর্তি ঠেকাতে ভাঙচুর?
রাজশাহী কলেজে গতকাল মঙ্গলবার উচ্চমাধ্যমিকে (এইচএসসি) ভর্তি ঠেকাতে কলেজ মিলনায়তনে ব্যাপক ভাঙচুর করেছে বহিরাগত কয়েক ব্যক্তি ৷ এ ঘটনার জন্য ছাত্রলীগ এবং ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দায়ী করেছে৷
হামলার সময় কলেজ মিলনায়তনে ভর্তির জন্য অপেক্ষমাণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ঘণ্টা খানেক ভর্তি কার্যক্রম বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দ্বিতীয় মেধাতালিকা অনুযায়ী রাজশাহী কলেজের মিলনায়তনে গতকাল সকাল ১০টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি শুরুর পর থেকেই সেখানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে বেশ কয়েকজন বহিরাগত লোকও উপস্থিত ছিল। বেলা পৌনে একটার দিকে বহিরাগতরা মিলানয়তনের ভেতরে চেয়ার ভাঙচুর শুরু করে। তখনো বিজ্ঞান বিভাগের ১৭ জন শিক্ষার্থীর ভর্তি বাকি ছিল৷ মুহূর্তের মধ্যে তাঁরা প্রায় অর্ধশত চেয়ার ভেঙে মিলনায়তন থেকে বের হয়ে যান। এ সময় ভর্তির জন্য আসা শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। দ্রুত নিচতলায় নামতে গিয়ে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে পুলিশ এবং কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান মিলনায়তনে ছুটে যান। উপাধ্যক্ষের সঙ্গে আসেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রকি ঘোষ ও সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম। তাঁরা কলেজ কর্তৃপক্ষকে ভর্তির কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন। এক ঘণ্টা পরে পুনরায় ভর্তির কার্যক্রম শুরু হয়৷
জানতে চাইলে কলেজ ছাত্রলীগের সভাপতি বলেন, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী এই হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল না৷ শিবিরের বহিরাগত নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেন৷
ছাত্রদলের কলেজ শাখার সভাপতি মর্তুজা ফাহমিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের নেতারা অবৈধভাবে একজন ছাত্রকে ভর্তি করানোর চেষ্টা করছিলেন। এতে তাঁরা বাধা দেন। এর পরই বহিরাগতরা সেখানে হামলা চালায়। কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সারোয়ার আলম সিদ্দিকী অভিযোগ করেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগের বহিরাগত।
নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ কারা হামলা করেছে—তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি।
কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান বলেন, তিনি ধারণা করছেন, হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল, যাতে ভয় পেয়ে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা চলে যায়।