রাজশাহী কলেজের বাস ভাঙচুর সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানা বন্ধ রেখে নয় দফা দাবিতে আন্দোলনরত রাজশাহী জুট মিলের শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী কলেজের একটি বাস ভাঙচুর করেছেন। শিক্ষার্থীরা বাস থেকে নেমে রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করেন। রাজশাহী জুট মিল সূত্রে জানা গেছে, মিলের শ্রমিকেরা ২০০৯ সালের জুলাই মাস থেকে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিসহ তাঁদের নয় দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই অংশ হিসেবে গতকাল সকালে তাঁরা কারখানা বন্ধ রেখে মিল সংলগ্ন রাজশাহী-নাটোর সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় রাজশাহী কলেজের একটি বাস রাজশাহীর পবার হরিয়ান এলাকা থেকে শিক্ষার্থীদের নিয়ে ওই সড়কে এসে মিছিল দেখে দাঁড়ায়। শ্রমিকেরা তখন বাসটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে বাসের কাচ ভেঙে চালক ও একজন ছাত্রী আহত হন। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত ওই সড়কে সব যানবাহন বন্ধ থাকে। বাসের যাত্রী শিক্ষার্থী ইয়াহিয়া খান বলেন, কলেজের বাস বলে ভাঙচুর না করার জন্য অনুরোধ করলেও শ্রমিকেরা শোনেনি। তবে রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি আকরাম আলী দাবি করেন, তাঁরা বাস ভাঙচুর করেননি। হিউম্যান হলারের শ্রমিকেরা করেছেন।