রাজশাহী কারাগারে রেড অ্যালার্ট, ঢাকা ও চট্টগ্রামে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনতাই করার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ও নজরদারি বাড়ানো হয়েছে।

আজ রোববার ময়মনসিংহের ত্রিশালে প্রকাশ্যে পুলিশের প্রিজন ভ্যানে গুলি চালিয়ে ও বোমা মেরে জঙ্গি মামলার তিন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনার পর কারাগারগুলোতে এসব সতর্কতা জারি করা হয়।

 রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) ইসমাইল হোসেন জানিয়েছেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাজাপ্রাপ্ত ২৫ জন আসামি রয়েছে। সেখানে যাতে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য কারাগারের ভেতরে ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাগারে অতিরিক্ত ৩০ জন নিরাপত্তাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী অন্তত এক সপ্তাহ এই সতর্কতা চলবে বলে তিনি জানিয়েছেন।

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ফরমান আলী জানিয়েছেন, কারাগারে নিরাপত্তা ও তল্লাশি বাড়ানো হয়েছে। আসামি আনা-নেওয়ার ব্যাপারে সতর্কতা বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার সগির আহমেদ জানিয়েছেন, কারাগারের জেএমবি সদস্যদের ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে।