রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইনের খসড়া অনুমোদন
মন্ত্রিসভা ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন-২০১৪’-এর খসড়া অনুমোদন করেছে। ব্যাংকের কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে অধিক সংখ্যক লোককে এর সেবার আওতায় আনাই নতুন আইনের লক্ষ্য।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সামরিক শাসনামলে জারি করা একটি অধ্যাদেশকে সামান্য পরিবর্তন, পরিমার্জন ও হালনাগাদ করে আইনটি বাংলায় করা হচ্ছে। এ আইনে কৃষি ও ক্ষুদ্র কৃষকদের সংজ্ঞা বিস্তৃত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন থেকে প্রক্রিয়াজাতকরণ মাছ ও পশুপণ্যকে কৃষি কর্মকাণ্ডের অংশ এবং জেলেদের পাশাপাশি পশুপণ্য ও পোলট্রি উত্পাদনকারীদের ক্ষুদ্র কৃষক হিসেবে গণ্য করা হবে।’ তিনি সদ্য প্রতিষ্ঠিত রংপুর বিভাগকে এ ব্যাংকের অধীনে ন্যস্ত করার কথাও উল্লেখ করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংকের কার্যক্রম সম্প্রসারিত হওয়ার কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা সাত থেকে বাড়িয়ে ১১ এবং উপব্যবস্থাপনা পরিচালকের একটি পদ সৃষ্টির প্রস্তাব খসড়ায় উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ব্যাংকের নতুন শাখা খোলার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ও অনলাইন-সেবা প্রবর্তনের মাধ্যমে এর কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রস্তাবিত খসড়া আইনটি নতুন কোনো আইন নয়। সামরিক শাসনামলে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৬’ নামে জারি করা অধ্যাদেশটিকেই হালনাগাদ করে বাংলায় সংস্করণ করা হচ্ছে।
এ ছাড়া আজকের বৈঠকে দেশে কৃষি শিক্ষার বিস্তার ঘটাতে খুলনায় একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আজকের বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের গত ২০-২৬ এপ্রিল জাপান সফরের কথা মন্ত্রিসভাকে অবহিত করা হয়।