রাজশাহী খেলাঘরের দুই মাসব্যাপী উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাঘরের রাজশাহী জেলা কমিটি দুই মাসব্যাপী উৎসবমুখর কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার এর উদ্বোধন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।মহানগরের মিয়াপাড়ায় সাধারণ গ্রন্থাগার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল নয়টায় গ্রন্থাগারের চত্বর থেকে শিশু-কিশোরদের শোভাযাত্রা বের করা হয়। পরে খেলাঘরের জেলা কমিটির আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আফতাব হোসেন, জয়পুরহাট কমিটির সাধারণ সম্পাদক তবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ ফারাহ প্রমুখ।হাসান আজিজুল হক তাঁর বক্তব্যে বলেন, মৌলবাদ-অধ্যুষিত রাজশাহীতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খেলাঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি খেলাঘরের বিভিন্ন কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান।