গ্যাস এখন দাবি নয়, অধিকার—এই স্লোগানে গতকাল বুধবার শহরে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। একই দাবিতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) কার্যালয় ঘেরাও করা হয়। সমাবেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে এক বছর আগে রাজশাহীতে গ্যাস এলেও বেশির ভাগ মানুষ এর সুফল পাচ্ছে না।
বাসাবাড়ি, কলকারখানা, হোটেল রেস্তোরাঁ এবং সিএনজি স্টেশন স্থাপনে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে রাজশাহী শহরের আলিফ লাম মিম ভাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মিছিল শেষে তাঁরা নওদাপাড়া এলাকায় পিজিসিএলের কার্যালয়ও ঘেরাও করেন। এ সময় রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী তোফায়েল আহম্মেদের মাধ্যমে পেট্রোবাংলার চেয়ারম্যানকে স্মারকলিপি দেওয়া হয়।
ঘেরাও কর্মসূচি চলাকালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও কাউন্সিলর বেলাল আহমেদ, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক পরিচালক এম শরিফ, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, মিশুক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নারীনেত্রী সামসুন নাহার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা ফেরদৌস ইমাম, রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শহরে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দীর্ঘ আন্দোলনের পর এক বছর আগে শুধু বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া শুরু হয়েছে। কিন্তু গ্যাস-সংযোগে ধীরগতির কারণে এখনো বেশির ভাগ মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁর অভিযোগ, গ্যাস-সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও তাঁদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যানকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সরকারের সদিচ্ছা থাকার পরও গ্যাস-সংযোগ কার্যক্রমের আশানুরূপ অগ্রগতি নেই। একটি চক্র ষড়যন্ত্র করে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তে লিপ্ত রয়েছে।