রাজশাহী-চাঁপাই-রহনপুর রেলপথ সংস্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রেলপথ সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা। গত শনিবার পরিষদের এক সভায় এ দাবি জানানো হয়। তাঁরা বলেন, উল্লিখিত রেলপথ দীর্ঘদিন ধরে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে আছে। নড়বড়ে রেলপথে অনেকটা জোর করেই ট্রেন চালানো হচ্ছে।বক্তারা বলেন, এই লাইনে ট্রেন চলে গরুর গাড়ির গতিতে। আর হরহামেশাই ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। ট্রেনের বগির জানালা-দরজা ভাঙাচোরা, রাতে সেখানে জ্বলে না বাতি। টয়লেট ব্যবহারযোগ্য নয়, আসনগুলোও নড়বড়ে ভাঙাচোরা। রয়েছে চোরাচালানিদের দৌরাত্ম্য। সব মিলিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রুটে ট্রেনে ভ্রমণে যাত্রীদের দুর্ভোগ আর বিড়ম্বনার শেষ থাকে না। অচিরেই এই দাবিগুলো পূরণ করা না হলে সর্বস্তরের লোকজনকে নিয়ে কঠোর আন্দোলন করে দাবি আদায় করা হবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়।পরিষদের আহ্বায়ক জামাত খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপদেষ্টা মো. লিয়াকত আলী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, আবদুল মান্নান, হারুনুর রশিদ, অধ্যাপক ফজলুল হক, হাসান মিল্লাত, দেবাশীষ প্রামাণিক, মঞ্জুর হাসান, আবদুল আওয়াল, সাইদুর রহমান, এম শরীফ, মাহফুজুর রহমান খান, নিজাম উদ্দিন, শ্যামল ব্যানার্জি, বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, আবুল কালাম আজাদ, কল্পনা রায়, সুফিয়া বেগম প্রমুখ।